চুরি করা গরুর বাছুর তোলা হয় প্রাইভেটকারে, অতঃপর…

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গরুর বাছুর চুরি করে প্রাইভেটকারে নিয়ে যাওয়ার সময় দুজনকে ধরে মারধর করেছেন স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা মো. বেলাল ও মো. বিল্লাল।
স্থানীয়রা জানান, আওলাদ ঢালীর একটি গরু ও একটি বাছুর রাস্তার পাশে বাঁধা ছিল। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে দুই যুবক বাছুরটিকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন।
ঘটনাটি দেখতে পান রিকশাচালক হাবিবুল্লাহ। তিনি বাধা দিলে হামলা চালান। একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই যুবককে আটক করেন।
মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, দুজনকে আটক করা হয়েছে। বাছুরটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






