logo

বিয়ের কথা বলে কাজিকে তুলে চাঁদা আদায়, সেই যুবদল নেতা গ্রেপ্তার

বিয়ের কথা বলে কাজিকে তুলে চাঁদা আদায়, সেই যুবদল নেতা গ্রেপ্তার
মুন্সীগঞ্জে সাংবাদিকের বাবাকে আটকে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবদল নেতা রাজীব হোসেন অপু ও তাঁর সহযোগীকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জে এক সাংবাদিকের বাবাকে বিয়ে পড়ানোর কথা বলে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাজীব হোসেন অপু ও তার সহযোগী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে মুন্সীগঞ্জ শহরের কাটাখালী এলাকার বাসা থেকে বিয়ে পড়ানোর কথা বলে দৈনিক মানবজমিনের সাংবাদিক নাহিদ হাসানের বাবা কাজী মো. হাবিবুর রহমানকে মুক্তারপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ভুক্তভোগী কাজী হাবিবুর রহমান জানান, একপর্যায়ে বাধ্য হয়ে তিনি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে অভিযুক্তদের হাতে দেওয়ার পর মুক্তি পান। এ ঘটনায় রাজীব হোসেন অপু, স্বপন ও সোহেলসহ কয়েকজনের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাজীব ও স্বপনকে গ্রেপ্তার করে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রাজীব ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে রাজীব হোসেন অপু সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্বে থাকলেও এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।