জেলগেটে ফের আটক সাবেক এমপি শিখরের ভাই হিশাম

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট পেরোতেই আবারও পুলিশের হাতে আটক হয়েছেন মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিশাম।
রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করে পুলিশ।
আশরাফুজ্জামান হিশাম মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আসাদুজ্জামানের কনিষ্ঠ পুত্র। এছাড়া দতিনি সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন স্থানে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনের পর রোববার বিকেলে কারামুক্ত হন। তবে জেলগেট থেকে বের হওয়ার পর তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাগুরা সদর থানার (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি শুনেছি আটক হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত পরে বলতে পারবো।
এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে আশরাফুজ্জামান হিশামকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
