বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মুকুল হোসেন নিহত (৩৮) হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মুকুল হোসেন ওই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন। অভিযুক্ত বড় ভাই এটিএম শামসুজ্জামান স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্তসহ পরিবারের কয়েকজন সদস্য বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। আজ কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বড় ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত হন মুকুল হোসেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার প্রস্তুতিকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
