পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে অপহৃত উদ্ধার, মুক্তিপণের টাকাসহ সন্ত্রাসী গ্রেপ্তার

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় অপহৃত এক ঠিকাদারকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অপহৃতের পরিবারের কাছ থেকে নেওয়া মুক্তিপণের তিন লাখ টাকাসহ সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন।
উদ্ধার হওয়া আমু হোসেন থানচি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদার। গ্রেপ্তার মাংলে ম্রোর বিস্তারিত পরিচয় শনাক্ত হয়নি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ঠিকাদার আমু হোসেনকে একটি সশস্ত্র গোষ্ঠী অপহরণ করে। অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা বাধ্য হয়ে দাবিকৃত মুক্তিপণের অর্থ পরিশোধ করেন। খবর পেয়ে বিজিবি অভিযান শুরু করে।
বৃহস্পতিবার রাতে থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বিদ্যামনিপাড়ায় অভিযান চালায় বিজিবি। অভিযানে আমু হোসেনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অপহরণকারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য মাংলে ম্রোকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মুক্তিপণের তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, মাংলে ম্রোকে জিজ্ঞাসাবাদে এলাকায় সক্রিয় সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। থানচি উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আরও কয়েকজন সন্দেহভাজন নজরদারিতে রয়েছে। ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হবে।
লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, বান্দরবানের থানচি একটি পর্যটনবান্ধব এলাকা। এখানে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


