logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

পাহাড় কেটে ও বনের কাঠ পুড়িয়ে অবৈধ তিন ভাটায় তৈরি হচ্ছে ইট

পাহাড় কেটে ও বনের কাঠ পুড়িয়ে অবৈধ তিন ভাটায় তৈরি হচ্ছে ইট
আলীকদমে অবৈধ ইটভাটা। ছবি: এশিয়া পোস্ট

বান্দরবানের আলীকদমে পরিবেশ আইন ও প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনটি অবৈধ ইটভাটায় চলতি মৌসুমে ইট তৈরির তোড়জোড় চলছে। বৈধ কোনো লাইসেন্স না থাকা এবং পরিবেশ অধিদপ্তরের মামলা চলমানের পরও এবিএম, ইউবিএম ও এফবিএম নামের এই তিনটি ভাটায় পুরোদমে কাজ শুরু হয়েছে।

ভাটাগুলোর ব্যবস্থাপকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২ কোটি ইট পোড়াতে ২০ লাখ ঘনফুট পাহাড়ি মাটি এবং ১ লাখ ৪০ হাজার ঘনফুট বনের কাঠ ব্যবহারের পরিকল্পনা নিয়েছে ভাটা কর্তৃপক্ষ। এদিকে অবৈধ ভাটা তিনটির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা চলমান রয়েছে। চলতি মৌসুমে দুই কোটি ইট তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ইট তৈরির মাটির জোগান দিতে নির্বিচারে কাটা হচ্ছে উঁচু পাহাড় ও টিলা। বিশেষ করে আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনের মালিকানাধীন ইউবিএম ইটভাটা প্রতিষ্ঠার পর থেকে অন্তত ১০০ থেকে ১৫০ একর পাহাড় সাবাড় করা হয়েছে। সরেজমিনেও ভাটার পাশে পাহাড় কাটা মাটির বিশাল স্তূপ মজুত থাকতে দেখা গেছে।

অন্যদিকে এফবিএম ইটভাটাতেও পাহাড় কেটে মাটি আনা হচ্ছে এবং এবিএম ইটভাটার কারণে আশপাশের ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) হারিয়ে জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে। পাশাপাশি মাটি ও ইট পরিবহনে ভারী ট্রাক চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে, যা স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।

আলীকদমের সচেতন মহল ও ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, কেবল মামলা করে দায় সারলে চলবে না। অবিলম্বে আগের মামলাগুলোর অগ্রগতি প্রকাশ করতে হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাহাড় ও বনখেকো এই তিনটি অবৈধ ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

বনাঞ্চলের সীমানায় ভাটা ও আইনের লঙ্ঘন

‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী, সরকারি বনাঞ্চলের সীমানা থেকে দুই কিলোমিটারের মধ্যে এবং পাহাড় বা টিলার পাদদেশ থেকে ৫০০ মিটারের মধ্যে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া পার্বত্য জেলায় পরিবেশ উন্নয়ন কমিটির নির্ধারিত স্থানের বাইরে ভাটা স্থাপনে কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, এফবিএম ও ইউবিএম ইটভাটা দুটি সংরক্ষিত বনাঞ্চলের একদম কাছাকাছি অবস্থিত এবং ভাটাগুলোর জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিশুশ্রম ও জনস্বাস্থ্যের চরম ঝুঁকি

অবৈধ এই ইটভাটাগুলোতে আইন লঙ্ঘন করে অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়ে ইট তৈরি ও বহনের মতো ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে আলীকদম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, ইটভাটার কালো ধোঁয়া এবং সড়কের অতিরিক্ত ধুলাবালুর কারণে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই শ্বাসকষ্ট, অ্যাজমাসহ নানা ধরনের জটিল স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

বিপর্যয়ের মুখে পর্যটন ও জীববৈচিত্র্য

স্থানীয় বাসিন্দা ইউনুস মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড় ও বন ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলীকদমের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে।

ইউএমবি ইটভাটার মালিক জামাল উদ্দিন পাহাড় কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ইটভাটার কারণে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে বলে আমি মনে করি না। তবে ইটভাটাটি বৈধ কি না, সে বিষয়ে মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান।

অন্যদিকে এফবিএম ইটভাটার মালিক শওকত হোসাইন বলেন, ইটভাটার কার্যক্রমের কারণে পরিবেশের বড় ধরনের কোনো ক্ষতি হচ্ছে বলে তার জানা নেই।

তবে পরিবেশবিদ মিনহাজ উদ্দীন বলেন, পাহাড় কাটা ও গাছপালা নিধন অব্যাহত থাকলে আলীকদমের পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাহাড়ের মাটি ক্ষয়ে নদী ও ছড়ায় পলি জমার ফলে নদীর নাব্যতা ও স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী, পাখি ও অন্যান্য জীববৈচিত্র্যের আবাসস্থল সংকুচিত হতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটন সম্ভাবনাময় আলীকদমের পরিবেশগত আকর্ষণও এ ধরনের কর্মকাণ্ডের ফলে হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ইটভাটাগুলোর বৈধতা ও কার্যক্রম প্রসঙ্গে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম স্পষ্ট বলেন, উপজেলার তিনটি ইটভাটার একটিরও বৈধ লাইসেন্স নেই। এগুলো উচ্ছেদের জন্য পরিবেশ অধিদপ্তরকে বারবার চিঠি ও তাগাদা দেওয়া হয়েছে।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান বলেন, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে কোনো গাছ কাটা হলে বন বিভাগ কঠোর আইনগত ব্যবস্থা নেবে। বনাঞ্চলের বাইরের বিষয়গুলো জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তদারকি করে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. নুরউদ্দিন জানান, অবৈধ ওই তিনটি ইটভাটার বিরুদ্ধে ইতিপূর্বে মামলা করা হয়েছে। তারা যদি নতুন করে ভাটা চালুর চেষ্টা করে বা পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুনরায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ধ্বংসের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

রাবেয়া খাতুন

সম্পাদনা

রাবেয়া খাতুন

সাব এডিটর | এশিয়া পোস্ট