logo

নবাবগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নবাবগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে চুরির প্রস্তুতির অভিযোগে গণপিটুনিতে হীরা মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) ভোরে উপজেলার পুটিমারা ইউপির শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসী পল্লিতে এ ঘটনা ঘটে।

নিহত হীরা মিয়া (৩৫) ওই ইউনিয়নের জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে অনিল টুডুর বাড়ির একটি ঘরের জানালা ভাঙার শব্দ পেয়ে বাড়ির লোকজন হীরা মিয়াকে আটক করেন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে মারধর শুরু করেন। এতে সকাল ৬টার দিকে হীরা মিয়ার মৃত্যু হয়।

ঘটনার পর বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন ও নবাবগঞ্জ থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে ওই এলাকার অনেক মানুষ পলাতক রয়েছেন বলে জানা গেছে।