
চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নিজেই অটোরিকশাটি চালাচ্ছিলেন। এ দুর্ঘটনায় তার পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান হেলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। পাত্রী দেখে ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। আহত হন পরিবারের বাকি চার সদস্যও।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। বাকি চারজন হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও তারা চিকিৎসাধীন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরার পথে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



