আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রাজশাহীর কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী ও গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছপালা কাটার জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়াপাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি ও আশপাশের এলাকা।
অন্যদিকে, নেসকোর গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে আসা গোবিন্দগঞ্জ ৩৩ কেভি সোর্স ফিডারের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
