logo

সাতক্ষীরার নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

সাতক্ষীরার নৌকাবাইচ দেখতে মানুষের ঢল
সাতক্ষীরার তালায় হরিহরনগর পাকুড়িয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করছেন অতিথিরা ও স্থানীয়রা। ছবি : এশিয়া পোস্ট

সাতক্ষীরার তালায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার হরিহরনগর পাকুড়িয়া নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

হরিহরনগর দক্ষিণপাড়াবাসীর আয়োজনে এই প্রতিযোগিতায় মোট আটটি নৌকা অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় খেশরা ইউনিয়নের কুলপোতা দল প্রথম এবং সোনাবাঁধাল দল দ্বিতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সভাপতিত্ব করেন খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মাইনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, খেশরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ গাজী গফ্ফার, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, নদীর দুই পাড়ে মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে, নৌকাবাইচ এখনও গ্রামবাংলার মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে। এ সময় তিনি তরুণ সমাজকে মাদক ও জুয়া থেকে দূরে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হাসিবুর রহমান হাসিব, সহসাংগঠনিক সম্পাদক শেখ অলিউর রহমান ও শেখ হাফিজুল ইসলাম। আর পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ আব্দুস সালাম।