logo

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুর রেলওয়ে স্টেশন। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকবর বস্তিসংলগ্ন রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বাংলা বিভাগের শিক্ষক।

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সকালে রুনা লায়লাকে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় তার অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় কয়েকজন তাকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

তবে কী কারণে তিনি রেললাইনের পাশে অবস্থান করছিলেন এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুন নবী জানান, শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।