logo

পুলিশের টহল গাড়ির পাশে নিষিদ্ধ যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৩

পুলিশের টহল গাড়ির পাশে নিষিদ্ধ যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশে মিছিলের ঘটনায় গ্রেপ্তার হওয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মী। ছবি: এশিয়া পোস্ট

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশেই নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের জানপুর ও দত্তবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. লিটন শেখ (৪৫), ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮) এবং যুবলীগ কর্মী চান শেখ (৪৫)।

মো. লিটন শেখ সিরাজগঞ্জের জানপুর এলাকার মৃত আব্দুল আজিজ ও অলোকা বেগমের ছেলে। ইউনুস আলী নিশাত দত্তবাড়ি এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে এবং চান শেখ সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চক কোবদাসপাড়া এলাকার মৃত শওকত আলী শেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান সবসময় অব্যাহত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে, বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ মহাসড়কের একটি এলাকায় পুলিশের টহল গাড়ির পাশ দিয়ে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা গেছে, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে ওই মিছিলটি অনুষ্ঠিত হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে চরম আলোচনা-সমালোচনা শুরু হয়।