logo

লক্ষ্মীপুরে দুই হোটেলকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে দুই হোটেলকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
নোংরা মেঝে ও জমে থাকা তরলের পাশেই পড়ে আছে খাবার তৈরির বড় পাত্র। ছবি: এশিয়া পোস্ট

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে বর্জ্য ফেলে জলাবদ্ধতা বা ব্লকেজ সৃষ্টি এবং জনদুর্ভোগ বাড়ানোর দায়ে লক্ষ্মীপুরে দুই হোটেলকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনার নেতৃত্বে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানে খাদ্যপণ্যে সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার প্রমাণ পাওয়ায় মোহাম্মদীয়া হোটেলকে ৬০ হাজার টাকা এবং নুরজাহান হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া একই দিন ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম পণ্য বিক্রির দায়ে ফয়েজ সাইকেল মার্টকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।