logo

সাতক্ষীরায় কেনা জমির ওপর রাস্তা তৈরিতে বাধা দেওয়ায় হামলার অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সাতক্ষীরায় কেনা জমির ওপর রাস্তা তৈরিতে বাধা দেওয়ায় হামলার অভিযোগ
কালিগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাগুরালি (চাঁদপুর) গ্রামে ক্রয়কৃত জমিতে রাস্তা তৈরিতে বাধা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মাগুরালি (চাঁদপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরালি (চাঁদপুর) গ্রামের মৃত আবুল হাজীর ছেলে সাইদুল ইসলামের ক্রয়কৃত জমিতে রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে।

আহতদের মধ্যে মাগুরালি (চাঁদপুর) গ্রামের মৃত আবুল হাজীর ছেলে সাইদুল ইসলাম (৫২), সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৫), আবুল বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (২৮), আবু বকরের ছেলে আরাফাত হোসেন (২২) বর্তমানে দেবহাটা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

অপরদিকে প্রতিপক্ষের রাফিজা খাতুন (৩৫), খাদিজা খাতুন (৪০), নুর নাহার (৩০), সাব্বির (২৪), গোলাম ওরেশ (৬০) ও মো. আজিজ (৬৫) কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

আহত সাইদুল ইসলাম বলেন, প্রতিপক্ষরা আমার জমির উপর দিয়ে চলাচলের পথ তৈরি করা চেষ্টা করছে। আমি বাধা দিলে সেখান থেকে আমার ওপর দিন দিন চড়াও হতে থাকে। রোববার সকালে আমি সেখানে গেলে প্রতিপক্ষরা আমার ওপর আক্রমণ করে। এসময় আমার ডাক ও চিৎকারে আমার ছেলে সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, আরাফাত হোসেন, মিয়ারাজ, শাওন সহ কয়েকজন ঠেকাতে গেলে প্রতিপক্ষ সুজন, হামিদ, কাদের, গোলাম ওয়ারেশ, রাফিজা খাতুন, খাদিজা খাতুন, নুর নাহার, সাব্বির, আজিজ সহ কয়েকজন ব্যক্তি তাদের লাঠিসোঁটা দিয়ে ও ইট ছুড়ে মেরে গুরুতর আহত করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।