logo

দুই থানায় ৬ পিকআপ উপহার, অর্থায়নে এমপি ও বিএনপি নেতারা

দুই থানায় ৬ পিকআপ উপহার, অর্থায়নে এমপি ও বিএনপি নেতারা
শ্রীনগর ও সিরাজদিখান থানার যানবাহন সংকট কাটাতে ছয়টি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান থানার যানবাহন সংকট কাটাতে ছয়টি পিকআপভ্যান দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ও বিএনপির নেতাদের নিজস্ব অর্থায়নে এসব পিকআপভ্যান কেনা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড-১) প্রশাসন এ কে এম আওলাদ হোসেনের কাছে পিকআপভ্যানগুলোর চাবি হস্তান্তর করেন।

মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ পিকআপ ভ্যানগুলোর চাবি হস্তান্তর করেন। ছবি : এশিয়া পোস্ট
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ পিকআপ ভ্যানগুলোর চাবি হস্তান্তর করেন। ছবি : এশিয়া পোস্ট

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রীনগর ও সিরাজদিখান থানায় প্রয়োজনের তুলনায় যানবাহন কম ছিল। এতে অপরাধ দমন, টহলসহ পুলিশের নিয়মিত কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছিল। নতুন পিকআপভ্যান পাওয়ায় দুই থানার পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন, দুই উপজেলার আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ থানাগুলোর যানবাহন সংকটের বিষয়টি জানতে পারেন। পরে দলীয় নেতারাও বিষয়টি জানতে পেরে সংসদ সদস্যের সঙ্গে গাড়ি কেনার অর্থায়নে অংশ নেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ধীরেন কুদ্দুস, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।