logo

পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে ছিনতাই

পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে ছিনতাই

কুষ্টিয়ার কুমারখালীতে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রাইভেটকারের গতিরোধ করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এ সময় গাড়িচালককে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের গড়ের মাঠের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

আহত চালক উপজেলার বুজরুক দুর্গাপুর গ্রামের এমরান হোসেনের ছেলে ইমদাদুল হক ইভন। পেশায় তিনি একজন প্রাইভেটকার চালক।

পুলিশ, ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সেনগ্রাম যাওয়ার উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বাড়ি থেকে বের হন ইমদাদুল হক ইভন। পথে গড়ের মাঠের ব্রিজ এলাকায় পৌঁছালে পাঁচজন ব্যক্তি একটি প্লাটিনা ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল নিয়ে তার গাড়ির গতিরোধ করে। এ সময় তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়।

অভিযোগে বলা হয়, গাড়ি থামানোর পর ওই ব্যক্তিরা জোরপূর্বক তাকে গাড়ি থেকে নামিয়ে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করা হয়। পরে তার পকেটে ও গাড়ির ভেতরে থাকা মোট ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। যাওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি মাটিতে আছড়ে ভেঙে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

স্থানীয়রা বলেন, গড়ের মাঠ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তবে এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তাঁরা।

ভুক্তভোগী ইমদাদুল হক ইভন বলেন, পুলিশ পরিচয়ে পাঁচজন আমার গাড়ির গতিরোধ করে এবং অনেক মারধর করে। পরে পকেট ও গাড়িতে থাকা ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে মোবাইল ফোন ভেঙে পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।