logo

ঘরোয়া দোয়া মাহফিলের ছবি ঘিরে আলোচনা, জগলু চৌধুরীকে গ্রেপ্তারে তৎপর পুলিশ

ঘরোয়া দোয়া মাহফিলের ছবি ঘিরে আলোচনা, জগলু চৌধুরীকে গ্রেপ্তারে তৎপর পুলিশ
ঘরোয়া পরিসরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। ছবি: জগলু চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

ঘরোয়া পরিবেশে আয়োজিত একটি দোয়া ও মিলাদ মাহফিলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী। বিষয়টি নজরে আসার পর তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে জগলু চৌধুরীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ছবিটি পোস্ট করা হয়। পোস্টের বিবরণীতে উল্লেখ করা হয়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঘরোয়া পরিসরে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রকাশিত ছবিতে জগলু চৌধুরীসহ কয়েকজনকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়, যাদের অধিকাংশের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল।

Advertisement

কর্মসূচিটি সিলেট নগরেই হয়েছে নাকি ঢাকা— এমন প্রশ্নের জবাবে ফেসবুক মেসেঞ্জারে জগলু চৌধুরী দাবি করেন, সিলেট আওয়ামী লীগের কর্মসূচি অবশ্যই সিলেট শহরেই হয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ৮ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার একটি ইকো রিসোর্টে গোপন সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। ওই ঘটনার জেরে ১১ নভেম্বর গোয়াইনঘাট থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলায় রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৭৫ জনসহ মোট ১৯৫ জনকে আসামি করা হয়। রাতারগুলের ঘটনার পর থেকেই সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়। ওই মামলায় এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এবং সীমান্ত এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

প্রশাসনের এমন কঠোর নজরদারি ও অভিযানের মধ্যেই জগলু চৌধুরীর কর্মসূচির ছবি প্রকাশ্যে আসায় স্থানীয় রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানিয়েছে, ছবির স্থান ও অংশগ্রহণকারীদের শনাক্ত করতে কাজ চলছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও তথ্য পুলিশের নজরে এসেছে। জগলু চৌধুরীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।