সুন্দরবনে ৪ জেলেকে অপহরণ করেছে মজনু বাহিনী

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পৃথক দুটি চর থেকে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যু মজনু বাহিনী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারাণী এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত চার জেলের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮)। তাদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল এলাকায়।
নাম প্রকাশ না করার শর্তে জেলেদের মহাজনরা জানান, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দস্যুদল ট্রলারে করে এসে জেলেবহরে হামলা চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে পৃথক চারটি নৌকা থেকে চারজন জেলেকে তুলে নিয়ে যায় তারা। এ সময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, একটি মাছ ধরার নৌকা ও বিভিন্ন মালামাল লুট করা হয়। তবে অপহরণের পর এখন পর্যন্ত দস্যুরা কোনো মহাজনের কাছে মুক্তিপণ দাবি করেনি।
এ ঘটনার পর সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে ও মহাজনদের মধ্যে নতুন করে দস্যু আতঙ্ক দেখা দিয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, জেলে অপহরণের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া রাতে জেলেদের বন কার্যালয় সংলগ্ন নিরাপদ এলাকায় অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।
