গাজীপুরে গাড়ির ধাক্কায় মা-মেয়ে নিহত

গাজীপুরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি নিহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে রুজুকা বেগম এবং তার ও মনির হোসেনের মেয়ে ইয়ামনি। তারা গাজীপুরের সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, রোববার রাত ২টার দিকে ওই মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পূবাইল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আহত দুজনকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করা হয়। এ সময় শিশু ইয়ামনির চিকিৎসা চলছিল। পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামনিও মারা যায়।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নিহত মা-মেয়ের মরদেহ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে নিহত দুজন রাতে সেখানে কেন গিয়েছিলেন সেটি জানতে পারিনি। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্ত এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
