হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম কারাগারে

বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গাজীপুরের কালিয়াকৈর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে শনিবার বিকেলে আটক করে পুলিশ। বনানী থানায় তার বিরুদ্ধে নতুন কোনো মামলা না দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে দেখা যায়, গাজীপুরের কালিয়াকৈর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া একটি হত্যা মামলায় তার নাম রয়েছে।
মামলাটি দায়ের করেছিলেন কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকার শহীদ মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল। ওই মামলায় টিপু আলমকে ১৯ নম্বর আসামি করা হয়েছে। মামলার বিষয়টি রাতেই কালিয়াকৈর থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে কালিয়াকৈর থানা-পুলিশ বনানী থানা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানায় নিয়ে আসে। রোববার গাজীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় আসামি ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হককে। এ মামলায় অন্তত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বনানী থানা-পুলিশ শনিবার তাকে আটক করে। তাদের মাধ্যমেই রাতে আমাদের জানানো হয়, তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা রয়েছে। পরে রাতেই পুলিশ পাঠিয়ে তাকে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, মামলাটি কালিয়াকৈর থানায় দায়ের করা হয় ২০২৪ সালের ১৩ ডিসেম্বর।






