logo

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে
উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। ছবি: পুলিশের সৌজন্যে

গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

Advertisement

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এদিন তার পক্ষে কোনো আইনজীবী জামিন আবেদন করেননি। এ ছাড়া তার বিরুদ্ধে রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে তোলা হয়নি।

এ মামলায় নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মোড়ল।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটির তদন্ত চলমান। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলে আবেদনে বলা হয়েছে।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, বিচারক আবেদনটি গ্রহণ করেছেন। আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়নি।

এর আগে বুধবার রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম। সেদিন বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।

তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি। পরে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।