logo

আত্মগোপনে থাকা সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ যেভাবে গ্রেপ্তার

আত্মগোপনে থাকা সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ যেভাবে গ্রেপ্তার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ছবি: ডিএমপি

রাজধানীর উত্তরার একটি বাসায় আত্মগোপনে ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ১৪টি মামলা রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে তারা জানতে পারেন, ওই বাসায় অবস্থান করছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নাহিদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগই সিলেটে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি জানান, হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়েছে। যে বাসা থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি তার মেয়ের। তিনি কত দিন ধরে ওই বাসায় অবস্থান করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে নাহিদকে গ্রেপ্তারের সময়কার একাধিক ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ভিডিওতে পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ সদস্যদের কথোপকথন শোনা যায়। পরিবারের একজন সদস্যকে পোশাক পরিবর্তন করে প্রস্তুত হওয়ার সময় চাইতে এবং নাহিদের সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করতে শোনা যায়।

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।