logo

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি, নতুন ভবন চালু

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি, নতুন ভবন চালু
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী। ১ হাজার ৮০০ বন্দির ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে কারাগারটিতে প্রতিদিন গড়ে থাকছেন প্রায় ৪ হাজার ২০০ বন্দী। অতিরিক্ত বন্দির চাপে আবাসন, চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনায় তৈরি হয়েছে তীব্র সংকট। জায়গার অভাবে গাদাগাদি করে থাকতে হচ্ছে বন্দিদের। একই সঙ্গে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সংকটে পড়েছে কারা কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে বন্দিদের অতিরিক্ত চাপ সামাল দিতে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই কারাগারের নতুন একটি ভবন বন্দিদের থাকার জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) থেকে ভবনটিতে বন্দী রাখার কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

জানা গেছে, বর্তমানে অবস্থানরত প্রায় ৪ হাজার ২০০ বন্দির মধ্যে ১৫০ জন নারী, চারজন তৃতীয় লিঙ্গের এবং একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০০ জন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৮০০ জন, রাজনৈতিক মামলায় বন্দী প্রায় ২ হাজার ৫০০ জন এবং ১৮ থেকে ২১ বছর বয়সি প্রায় ২০০ জন তরুণ বন্দী রয়েছেন। দেশের বিভিন্ন সময়ে আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামিও এই কারাগারে রয়েছেন। বন্দির তুলনায় কারাগারে চিকিৎসাসেবার সুযোগও অত্যন্ত সীমিত। কারাগারে চিকিৎসার জন্য স্থায়ী মেডিকেল শয্যা রয়েছে মাত্র ২৫টি। এর বাইরে অস্থায়ীভাবে আরও ১২৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। বিপুলসংখ্যক বন্দির বিপরীতে সীমিত আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

শাহ আলম নামে একজন বলেন, বন্দির সংখ্যা দিন দিন বাড়ছে। একটি কক্ষে গাদাগাদি করে ঘুমানো, গোসলসহ দৈনন্দিন কাজ করতে হচ্ছে। এতে তার ছেলে অসুস্থ হয়ে পড়ছে।

একই ধরনের অভিযোগ করেছেন কারাগার থেকে বের হওয়া আরও অন্তত ১০ জন স্বজন। তাদের ভাষ্য, অতিরিক্ত বন্দির চাপে কারাগারের ভেতরে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

এদিকে গত ১৫ দিনে বন্দির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কারাগারের সামনেও স্বজনদের ভিড় বেড়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত মানুষকে স্বজনদের সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকতে দেখা যায়। শুধু কুমিল্লা নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও লোকজন আসছেন কারাগারে থাকা স্বজনদের একনজর দেখতে।

এ অবস্থায় বন্দিদের চাপ সামাল দিতে প্রায় ৬১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নতুন একটি কারাগার। চলতি বছর এর নির্মাণকাজ শেষ হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম এশিয়া পোস্টকে বলেন, বর্তমানে কারাগারের ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা বেশি হওয়ায় আবাসন ও ব্যবস্থাপনায় কিছুটা চাপ রয়েছে। তবে বন্দিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কারা আমরা কাজ করছি।