কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও নাশকতা প্রতিরোধে ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১০৭ সদস্যসহ মোট ৫৪৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টার এই অভিযানে জেলা পুলিশের সব থানা, ফাঁড়ি ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অভিযান তদারকি করেন। আটককৃত ৫৪৪ জনের মধ্যে ১০৭ জন নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য এবং বাকিরা মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের সঙ্গে জড়িত।
আটকের পর প্রত্যেকের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ৩৪১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না থাকায় এবং ভবিষ্যতে অপরাধে না জড়ানোর শর্তে ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে পড়ার টেবিলে ফিরিয়ে আনতেই এই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।





