logo

কুমিল্লায় মহাসড়কের দুই স্থানে গাছ কেটে অবরোধের চেষ্টা

কুমিল্লায় মহাসড়কের দুই স্থানে গাছ কেটে অবরোধের চেষ্টা
পুলিশ, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে সড়ক থেকে গাছ অপসারণ করা হয়। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক দুটি স্থানে গাছ কেটে ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে গাছ অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ও বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এসব ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায়। সেখানে মহাসড়কের পাশে থাকা বিশাল আকৃতির একটি কড়ই গাছের প্রায় দুই-তৃতীয়াংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে যেকোনো সময় গাছটি চলন্ত যানবাহনের ওপর ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে বিষয়টি জানায়। পরে রাতেই গাছটি কেটে সরিয়ে নেওয়া হয়।

এরপর বুধবার দুপুর ২টার দিকে একই মহাসড়কের আলকরা ইউনিয়নের লাটিমী এলাকায় আরেকটি গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়। এতে চট্টগ্রামমুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে নেন। পরে ওই লেনে যান চলাচল স্বাভাবিক হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছগুলো অপসারণ করেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান বলেন, রাত থেকেই কাটা গাছগুলো তাদের হেফাজতে নেওয়া হয়েছে। জনদুর্ভোগ এড়াতে আগে সড়ক পরিষ্কারের কাজ সম্পন্ন করা হয়েছে। সরকারি সম্পদ বিনষ্ট ও জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে এ ঘটনায় সড়ক বিভাগের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হবে।