logo

আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন পোশাক শ্রমিকরা। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের পর এবার ঢাকার আশুলিয়ায় বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর আশুলিয়ার নরসিংহপুর এলাকার অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে শ্রমিকরা বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এজ গার্মেন্টস-এর শ্রমিকরা সকাল ১০টা থেকে কারখানার চতুর্থ ও পঞ্চম তলায় কাজ বন্ধ রাখেন। পরবর্তীতে দুপুরের খাবারের বিরতির পর তারা সম্পূর্ণ কাজ বন্ধ করে দেন। এছাড়া নিট এশিয়া কারখানার শ্রমিকরাও দুপুরের পর কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে ছুটির সময়ে শ্রমিকরা দলবদ্ধ হয়ে নরসিংহপুরের অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হন।

এ সময় আন্দোলনকারীরা অনন্ত গার্মেন্টসের শ্রমিকদেরও কাজ বন্ধ করে বাইরে বের করে আনার চেষ্টা করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা অনন্ত গার্মেন্টসের মূল ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান এবং সেখানে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ নিজস্ব পানির লাইন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের হটিয়ে দেয়।

সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বিশৃঙ্খলা থামার পর অনন্ত গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, আশুলিয়ার নরসিংহপুর এলাকার অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে শ্রমিকরা বিক্ষোভ ও অগ্নিসংযোগ করার পর শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল থেকেই দুটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছিলেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।