মুরগির ঘরের পেছনে রাখা ছিল ‘পেন গান’

ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার করেছে র্যাব।
সোমবার (১৯ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ অভিযান চালানো হয়।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মধ্যরাতে নৈকাঠি গ্রামের মো. নান্নু শিকদারের বাড়ির পেছনের ঢালাই গলি সড়কের পাশে অভিযান চালায়। এ সময় একটি মুরগির ঘরের পেছনে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি ‘পেন গান’ বলে শনাক্ত করা হয়েছে।
র্যাব জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামত রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে র্যাব-৮ সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
.png)


