দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই দাবি করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী ও স্বার্থান্বেষী মহলের অপকৌশলের কারণে বাজারে কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ১৬ লাখ টন সার মজুত রয়েছে বলেও জানান তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে পেঁয়াজচাষিদের মাঝে ‘এয়ারফ্লো মেশিন’ বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, কৃষকদের যেন সারের জন্য হয়রানি হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ডিলার যেন সময়মতো সার উত্তোলনে গাফিলতি না করেন এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।
সার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে ডিলারদের যথাসময়ে সার উত্তোলন, কৃষকদের মধ্যে সঠিকভাবে বিতরণ এবং সরকারি মূল্যে বিক্রির বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশটা সবার। দেশের স্বার্থে কোনো খারাপ চিন্তা না করে দেশ পরিচালনায় সহযোগিতা করুন। পাঁচ বছর পর জনগণ যদি আপনাদের ভোট দেয়, তখন আপনারা দেশ পরিচালনা করবেন। তবে ষড়যন্ত্রের রাজনীতি থেকে বিরত থাকার অনুরোধ করছি।
মতবিনিময় সভায় ফরিদপুরের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বর্তমান সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য (জামায়াত) ড. ইলিয়াস মোল্যা, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, নারী কৃষি উদ্যোক্তা শাহিদা বেগম ও কৃষক মো. মুক্তার মোল্যাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর দেড়টায় সদর উপজেলা পরিষদের হলরুমে জেলার পাট ও পেঁয়াজচাষীদের সঙ্গে পৃথক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



