logo

মুন্সীগঞ্জে ৩ লাখ টাকার চোরাই বাইসাইকেলসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে ৩ লাখ টাকার চোরাই বাইসাইকেলসহ গ্রেপ্তার ২
মুন্সীগঞ্জে চোরাই বাইসাইকেল চক্রের দুই সদস্য গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের বিষয়ে প্রেস ব্রিফিং করেন সিরাজদিখান সার্কেলের এএসপি মো. আনোয়ার হোসেন। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোরাই বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ভাড়া নেওয়া একটি গোডাউন থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার বাসিন্দা মো. শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) ও মো. শামীম শেখ (২৮)।

পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বাইসাইকেল চুরি করে ক্রয়-বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ।

অভিযানে শাহজাহান মুন্সী ও শামীম শেখের ভাড়া নেওয়া গোডাউনটি তল্লাশি করে ৩৩টি মাঝারি ও ৯টি ছোট আকারের বাইসাইকেল এবং দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করা এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় রোধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।