logo
Advertisement

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ,ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু
এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ভূল্লী উপজেলায় নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রামের তীরনই নদীতে ডুবে এহেসান (৫) ও কাউসার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়। নিহত এহেসান জগদল গ্রামের জাহিদ হাসানের ছেলে এবং কাউসার একই গ্রামের আবুল কালামের ছেলে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে নদীর ধারে খেলার সময় দুই শিশু তীরনই নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে, ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ভূল্লী নদীর পানিতে ডুবে হোসাইন আহমেদ (৫) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার শুখান পুখুরী ইউনিয়নের বাংরোড (মন্ডলপাড়া) এলাকায় ভূল্লী নদীর বাংরোড সুইচ গেটে এ ঘটনা ঘটে। নিহত হোসাইন আহমেদ ওই এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হোসাইন আহমেদ কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের ভূল্লী নদীর বাংরোড সুইচ গেটে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।