বিদ্যুৎ বিল নিয়ে বিপিডিবি-পৌরসভার দ্বন্দ্ব, বকেয়া নিয়ে দুই পক্ষের ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিলের বকেয়া নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে হবিগঞ্জ পৌরসভা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। পৌরসভার দাবি, তাদের বিদ্যুৎ বিল বকেয়া নেই এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিল পরিশোধের সময়সীমা থাকলেও কোনো আগাম নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যদিকে বিপিডিবির দাবি, পৌরসভার বিভিন্ন স্থাপনার বিপরীতে প্রায় ৬২ লাখ টাকা বকেয়া রয়েছে। দুই দপ্তরের এই পাল্টাপাল্টি দাবিতে বকেয়া বিলের প্রকৃত পরিমাণ নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। এ নিয়ে জেলাজুড়েও চলছে নানা আলোচনা সমালোচনা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভায় পানির বিল ও পৌরকর মেলা চলাকালে হঠাৎ পৌর কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিপিডিবি। এতে মেলায় সেবা নিতে আসা নাগরিকদের ভোগান্তিতে পড়তে হয়। সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় পৌর ভবনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পৌর কর্মকর্তা-কর্মচারীরা পিডিবির কর্মীদের ঘিরে ধরেন। পরে তাদের পৌরসভার হলরুমে নিয়ে যাওয়া হলে আলোচনা শেষে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।
পৌর কর্তৃপক্ষের দাবি, সংযোগ বিচ্ছিন্ন করার আগে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। পৌর কার্যালয়ের কোনো বিদ্যুৎ বিল বকেয়া নেই বলেও দাবি করেছে তারা। পৌরসভার হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই পর্যন্ত বিদ্যুৎ বিলের পরিমাণ ৬ লাখ ৪৫ হাজার ৬০২ টাকা এবং আগস্ট মাসের চলতি বিল ৫ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকা। সব মিলিয়ে বিল দাঁড়ায় ১১ লাখ ৮৯ হাজার ৫৭৫ টাকা। এই বিল পরিশোধের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। বিল পরিশোধের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে দাবি করছে পৌর কর্তৃপক্ষ।
অন্যদিকে বিপিডিবি হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জানান, পৌরসভার সুইপার কলোনি, পাবলিক টয়লেট, পৌরসভার মসজিদ, পুরাতন পৌরসভা অফিসসহ বিভিন্ন স্থাপনার বিদ্যুৎ সংযোগের বিপরীতে দীর্ঘদিনের প্রায় ৬২ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া বিল আদায়ের লক্ষ্যেই পৌরসভার প্রধান কার্যালয়ের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল।
তবে জনস্বার্থ বিবেচনায় পৌরসভার পানির পাম্পগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি বলে জানান তিনি। এসব পাম্পের মাধ্যমে প্রতিদিন প্রায় এক থেকে দেড় লাখ মানুষ পানি সরবরাহের সুবিধা পান।
এদিকে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী জানান, কোনো ধরনের আগাম বার্তা না দিয়েই বিপিডিবি পৌর কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এতে পৌরসভার নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়। পিডিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য দিয়েছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
দুই দপ্তরের বক্তব্যে বকেয়া বিলের পরিমাণ নিয়ে বড় ধরনের পার্থক্য থাকায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। যেখানে পৌরসভা কার্যালয়ের বিল ১১ লাখ ৮৯ হাজার ৫৭৫ টাকা এবং তা পরিশোধের সময়সীমা ৩০ সেপ্টেম্বর বলে দাবি করছে, সেখানে বিপিডিবি বিভিন্ন স্থাপনা মিলিয়ে প্রায় ৬২ লাখ টাকা বকেয়া থাকার কথা বলছে। ফলে প্রকৃত বকেয়া কত এবং কোন কোন সংযোগের বিপরীতে কত টাকা বকেয়া রয়েছে, তা নিয়ে এখনো স্পষ্টতা পাওয়া যায়নি।
