logo

রাষ্ট্রকাঠামো দুর্নীতিসহায়ক, দ্রুত পরিবর্তন কঠিন: ইফতেখারুজ্জামান

রাষ্ট্রকাঠামো দুর্নীতিসহায়ক, দ্রুত পরিবর্তন কঠিন: ইফতেখারুজ্জামান
সাভারের সিসিডিবি হোপ সেন্টারে আয়োজিত টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি : এশিয়া পোস্ট

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতা থাকলেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা এখনও রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তবে দীর্ঘদিনের রাষ্ট্রকাঠামো দুর্নীতিসহায়ক অবস্থায় তৈরি হওয়ায় চট করে পরিবর্তন আশা করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সাভারের সিসিডিবি হোপ সেন্টারে আয়োজিত টিআইবির তিন দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Advertisement

ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো দেশেই বর্তমান সরকার যে প্রেক্ষাপটে গঠিত হয়েছে, সেখানে হঠাৎ পরিবর্তন আসা কঠিন। তবে সম্ভাবনার দিকগুলো এখনও রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিকূলতার পাশাপাশি বর্তমানে ‘এবার আমাদের সুযোগ’ কিংবা ‘আমরাই সব নেব, আমরা বিজয়ী’—এমন একটি সংস্কৃতির চর্চা এবং ক্ষমতার অপব্যবহারকে স্বাভাবিকতায় রূপান্তর করার প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে।

টিআইবির নির্বাহী পরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘ প্রক্রিয়া ও কৌশলগতভাবে এগোলে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে অগ্রগতি অর্জন সম্ভব। সরকার ও সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর অনেকেই বিগত দিনের দুঃশাসন ও দুর্নীতির ভুক্তভোগী হওয়ায় তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তনের তাগিদ ও স্পৃহা থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

একই সঙ্গে বিতার্কিকদের উদ্দেশে তিনি বলেন, বাক্‌স্বাধীনতা, ভিন্নমতের স্বাধীনতা ও পরমতসহিষ্ণুতা চর্চাই গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি।

গত ২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের ১৪টি জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মোট ৩২টি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ। এতে সেরা বক্তা নির্বাচিত হন এ এম এরফান। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকার অর্থপুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট