ময়মনসিংহে হাম উপসর্গে শিশু মৃতের সংখ্যা দাঁড়াল ৭৯ জনের

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে ৭৯ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন আরও ৫৪ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১৩৮ শিশু।
রোববার (১৮ অক্টোবর) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়মনসিংহের নান্দাইল থেকে গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাড়ে ৭ বছরের শিশু ছেলেটিকে হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। তাকেসহ অন্যান্য শিশুদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। তবে ভর্তির একদিন পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুটি হামের উপসর্গের পাশাপাশি শক, তীব্র নিউমোনিয়া ও হৃদযন্ত্রের অকার্যকারিতায় মারা যায়।
ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও বলেন, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৮ অক্টোবর সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫ হাজার ২২২ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৫ হাজার ৫ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

