logo

অসুস্থ গরু জবাই, মাংস পুঁতে কসাইকে জরিমানা

অসুস্থ গরু জবাই, মাংস পুঁতে কসাইকে জরিমানা
অসুস্থ গরু জবাইয়ের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এশিয়া পোস্ট

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের দায়ে মো. হোসাইন মিয়া (২০) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জবাই করা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের গেন্দুরাম গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত হোসাইন মিয়া ওই গ্রামের মোনজিল মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গেন্দুরাম গ্রামের খামারি মজনু মিয়ার একটি অসুস্থ বকনা বাছুর জবাই করা হয়। খবর পেয়ে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ। অভিযানে অসুস্থ গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত হোসাইন মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ২৪ ধারায় হোসাইন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জবাই করা গরুর মাংস জব্দ করে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মাটির নিচে পুঁতে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ও সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক বলেন, ‘অসুস্থ গরু জবাইয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অসুস্থ পশুর মাংস বিক্রি বা বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই মাংসগুলো জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’

তিনি বলেন, ‘সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব বাড়ছে। এ অবস্থায় অসুস্থ পশু জবাই ও এর মাংস বাজারজাত রোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে আইন অনুযায়ী কসাইকে জরিমানা করা হয়েছে। জবাই করা পশুর মাংসও মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’