এবার ডাকসুর স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুর্বৃত্তদের বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) ভোরে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের বাড়িহাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।

এদিন বিকেলে অগ্নিকাণ্ডের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন আব্দুল্লাহ আল মিনহাজ। ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ ভোররাতে আমার ময়মনসিংহের গফরগাঁওয়ের বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ লীগ। আমার বাবা-মা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। বাড়ির একপাশে হওয়ায় ওনারা টের পাননি। পরবর্তীতে কেরোসিনের গন্ধ, বোতল, দেয়ালে আগুনের পোড়া দাগ এবং লীগ কর্তৃক প্রচারিত ভিডিওর সিনারিও সব বলছে যে ওরা বাড়ির সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছে। আল্লাহ রহম করেছেন, তা না হলে বড়সড় অঘটন ঘটত।’
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের ধোঁয়ায় বাড়ির দেয়াল কালো হয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি পেট্রোলের বোতল পাওয়া গেছে। বোতলটিতে পেট্রোলের গন্ধ রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

