ডাকসু ভিপির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসি ক্যামেরায় শনাক্ত ৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ থেকে তিনজনকে শনাক্ত করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকালে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফুটেজ থেকে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজ বাগের মো. মুন্না, একই এলাকার মো. সাইফ এবং জেলার দীঘিনালার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে এই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা রুজু করেছেন।
এর আগে, খাগড়াছড়িতে নিজেদের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)। ঘটনার সময় বাড়িতে তার মা-বাবা অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনা জানান।
পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।’
ঘটনার পর রোববার সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনের সদস্যরা সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেমের সঙ্গে কথা বলেন। বাড়ির আশপাশে নিরাপত্তা নজরদারি এবং শহরজুড়ে সেনা টহল অব্যাহত থাকবে বলে তাকে আশ্বস্ত করেন সেনা সদস্যরা।






