logo

৯০ কিলোমিটার সীমান্তে নজরদারিতে ৪০ সিসি ক্যামেরা

৯০ কিলোমিটার সীমান্তে নজরদারিতে ৪০ সিসি ক্যামেরা
নজরদারি বাড়াতে বিজিবির স্থাপন করা সিসি ক্যামেরা। ছবি : এশিয়া পোস্ট

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জের চারটি উপজেলায় ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ৯০ কিলোমিটার সীমান্তের ৪০টি গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে এসব ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহলও জোরদার করা হয়েছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় উঁচু খুঁটিতে ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। এগুলো ব্যাটালিয়নের মনিটরিং কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ব্যাটালিয়ন অধিনায়কের মুঠোফোনের সঙ্গেও ক্যামেরাগুলোর সংযোগ রয়েছে।

বিদ্যুৎ-সংযোগ নেই, এমন এলাকায় ক্যামেরা সচল রাখতে সোলার প্যানেল বসানো হয়েছে। ইন্টারনেট-সুবিধার মাধ্যমে এসব ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হবে।

তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার বাসিন্দা ও সমাজকর্মী আবুল হোসেন বলেন, বিজিবি যথাযথভাবে দায়িত্ব পালন করলে সীমান্তের অপরাধ কমবে। তবে সীমান্তে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যের অবৈধ বেচাকেনা হয় বলে জানা যায়। শুধু সিসিটিভি ক্যামেরা স্থাপন করলেই হবে না, আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাহলে অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তের অন্যান্য অপরাধ কমবে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নজরদারির জন্য ক্যামেরা স্থাপনের উদ্যোগ আগে থেকেই ছিল। ৪০টি স্থান চিহ্নিত করে সেখানে ক্যামেরা বসানো হয়েছে। এর বাইরে থাকা অন্য স্থানগুলো দিয়েও যাতে কোনো অপরাধ সংঘটিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দিয়ে নজরদারি করা হবে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে দুর্গম এলাকায় ক্যামেরা স্থাপনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি সভা করেন। সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার এবং সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন রনজিত সরকার। সভা শেষে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরদিন ৯ নভেম্বর নিজের ফেসবুক আইডিতে সভার ভিডিও প্রকাশ করেন তিনি। এ ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার সৃষ্টি করে। বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়।

এ ঘটনায় পরে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়। সভায় উপস্থিত থাকা রনজিত সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারাসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট