logo

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ধরা পড়ল সিসি ক্যামেরায়

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ধরা পড়ল সিসি ক্যামেরায়
বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এক যুবকের পালিয়ে যাওয়ার দৃশ্য। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বিস্ফোরণে বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। বিস্ফোরণের একটি স্প্লিন্টার ঘরের ভেতরেও প্রবেশ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ককটেল নিক্ষেপ করে এক যুবকের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৩ মিনিটের দিকে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১টা ২৩ মিনিটের দিকে এক যুবক বাড়ির সামনে এসে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করেন। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও বিস্ফোরণের আলামত উদ্ধার করে।

বিএনপি নেতা অধ্যাপক হাদিউজ্জামান হিরো জানান, রাত দুইটার দিকে ঢাকা থেকে বাসায় ফেরার পথে বাড়ির সামনে লোকজনের ভিড় দেখে তিনি ঘটনার বিষয়ে জানতে পারেন। সারা দেশে চলমান নৈরাজ্য ও সহিংসতার অংশ হিসেবে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে, ঘটনার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট