
গ্রামবাংলার খাল-বিল, পুকুর ও চিংড়ি ঘের থেকে সংগ্রহ করা শামুক এখন ছয়জন মানুষের জীবিকার প্রধান উৎস হয়ে উঠেছে। একসময় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও সেই পেশা ছেড়ে তারা এখন শামুক সংগ্রহ ও ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। গ্রামে গ্রামে ঘুরে শামুক সংগ্রহ করে বস্তাবন্দী করে তা পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকার চুন তৈরির কারখানায়। এই ব্যবসার মাধ্যমে তাদের প্রত্যেকের প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় হচ্ছে। ফলে তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা এবং তৈরি হয়েছে বিকল্প কর্মসংস্থান।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের দারিয়াল গ্রামের বাসিন্দা মো. ফরহাদ হাওলাদার প্রায় ১৬ বছর ধরে শামুকের ব্যবসা করছেন। তার সঙ্গে যুক্ত রয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজন ব্যবসায়িক অংশীদার এবং তিনজন সহযোগী হিসেবে কাজ করেন। ব্যবসার শুরুতে এই তিন অংশীদার মিলে ৭০ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন। বর্তমানে ছয়জনই শামুক সংগ্রহ, বাছাই ও পরিবহনের কাজে যুক্ত রয়েছেন।
গোপালগঞ্জ, ফকিরহাট, চিতলমারী, পাথরঘাটা, পাটগাতী ও যশোরের গাজীরহাটসহ বিভিন্ন এলাকা থেকে তারা শামুক সংগ্রহ করেন। গ্রামে গ্রামে ঘুরে স্থানীয় মানুষের কাছ থেকে বস্তা, খুচরা কিংবা ঠিকা হিসেবে শামুক কেনেন তারা। এরপর সেগুলো বস্তায় ভরে যশোর, বরিশাল ও ফকিরহাটসহ দেশের বিভিন্ন এলাকার চুন তৈরির কারখানায় পাঠানো হয়।
বিশেষ করে পান খাওয়ার চুন তৈরিতে শামুকের খোলসের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে বিভিন্ন এলাকার মিলমালিকেরা নিয়মিত তাদের কাছ থেকে শামুক কেনেন। সংগৃহীত শামুক বেশি দিন মজুত করে রাখা যায় না বিধায় পর্যাপ্ত পরিমাণ হলেই ট্রাকে করে কারখানায় পাঠিয়ে দেওয়া হয়।
মো. ফরহাদ হাওলাদার বলেন, একসময় আমরা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। পরে ভ্যান চালানো ছেড়ে মাত্র ৭০ হাজার টাকা পুঁজি নিয়ে শামুকের ব্যবসা শুরু করি। প্রথম দিকে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে ব্যবসার পরিধি বেড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল ও গোপালগঞ্জের বিভিন্ন খাল-বিল, পুকুর ও চিংড়ি ঘেরে প্রচুর শামুক পাওয়া যায়। স্থানীয় মানুষ এসব জলাশয় থেকে শামুক সংগ্রহ করে আমাদের কাছে বিক্রি করেন। এতে গ্রামের অনেক মানুষের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। যাদের অন্য কাজের সুযোগ কম, তারাও অবসর সময়ে শামুক সংগ্রহ করে সংসারে বাড়তি অর্থ যোগ করছেন। এই ব্যবসার মাধ্যমে এখন নিজের জীবিকার পাশাপাশি আরও কয়েকজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি।
ব্যবসার অংশীদার ডালিম শেখ বলেন, প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ বস্তা শামুক সংগ্রহ করা হয়। প্রতি বস্তা ৫০০ থেকে ৬০০ টাকা দরে কিনে ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি করা হয়। তবে সংগ্রহের স্থান ও পরিমাণভেদে দামে কিছুটা পার্থক্য রয়েছে। মাসে সাত থেকে আটটি চালান পাঠানো হয়। প্রতিটি ট্রাকে কখনো ৫২ বস্তা, আবার কখনো ৭০ থেকে ৭২ বস্তা শামুক থাকে।
সহযোগী উলি শেখ জানান, আগে তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সেই পেশা ছেড়ে এখন শামুকের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। গ্রামে গ্রামে ঘুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শামুক সংগ্রহ করতে হয়। তবে ভ্যান চালানোর তুলনায় এ পেশায় আয় কিছুটা বেশি এবং প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় হয়। এতে সংসার চালাতে আগের চেয়ে অনেকটাই সুবিধা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আগে এলাকার অনেক মানুষ শামুক সংগ্রহ করলেও সেগুলো বিক্রির নির্দিষ্ট কোনো ব্যবস্থা ছিল না। এখন ব্যবসায়ীরা গ্রামে এসে শামুক কিনে নেওয়ায় স্থানীয় মানুষের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে যাদের নিয়মিত কাজ নেই, তারা অবসর সময়ে শামুক সংগ্রহ করে বিক্রি করছেন। এতে একদিকে যেমন কয়েকজনের কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে গ্রামের সাধারণ মানুষও উপকৃত হচ্ছেন।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, শামুক জলজ পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। জলাশয়ের তলদেশের জৈব পদার্থ ও শৈবাল খেয়ে এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তবে বাণিজ্যিকভাবে অতিরিক্ত শামুক আহরণ করলে জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই শামুক সংগ্রহের ক্ষেত্রে প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তারের বিষয়টি বিবেচনা করা জরুরি। পাশাপাশি শামুকের টেকসই আহরণ ও সংরক্ষণে সচেতনতা বাড়াতে হবে।


