logo

রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ঘেরাও করে মারধরের চেষ্টা

রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ঘেরাও করে মারধরের চেষ্টা
সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযানে নামে রংপুর সিটি করপোরেশন। ছবি: এশিয়া পোস্ট

রংপুর মহানগরীতে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে সিটি করপোরেশন। এ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ৮ জন সাংবাদিককে ঘেরাও করে হেনস্তা, অশ্লীল ভাষায় গালাগাল ও মারধরের চেষ্টা করা হয়। তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর কলেজ রোডের খামার মোড় থেকে লালবাগ রেলক্রসিং পর্যন্ত সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সিটি করপোরেশন। এসময় অবৈধ দখলদারেরা অভিযান ব্যাহত করতে বাধা সৃষ্টির চেষ্টা করেন।

খামার মোড়ে উচ্ছেদ অভিযানের তথ্য ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকেরা বাধার মুখে পড়েন। এসময় ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক, এশিয়া পোস্টের খন্দকার রাকিবুল ইসলাম, সময় টেলিভিশনের রেদওয়ান হিমেল, খবরের কাগজের সেলিম সরকার, আজকের পত্রিকার নূর মোহাম্মদ, আগামীর সময়ের লিজেন আহমেদ প্রান্ত, বার্তা২৪ ডটকমের নভেল চৌধুরী, আরএনবি নিউজের মাহজাবিন মৌ এবং আমাদের প্রতিদিনের শরিফুল ইসলাম সুমনের ওপর চড়াও হন কয়েকজন। তাদের আটকে রেখে হেনস্তা, গালাগাল ও মারধরের চেষ্টা করা হয়। এসময় তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চলে। পুলিশের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের এভাবে হেনস্তা ও হামলার চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা।

অভিযানের নেতৃত্বে থাকা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের পক্ষ থেকে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানকেও সাংবাদিকেরা বিষয়টি জানান। তবে তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি। পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সব বাধা উপেক্ষা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সিটি করপোরেশন।

অভিযান সম্পর্কে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, ফুটপাতে নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গত এক মাস ধরে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। যেসব সড়ক ও ফুটপাত এখনো অবৈধ দখলে রয়েছে, সেগুলো উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, হাইকোর্টের বিভিন্ন নির্দেশনা অনুযায়ী সড়ক ও ফুটপাত দখল করে কোনো ধরনের দোকানপাট, খাটাল কিংবা পসরা বসানো যাবে না। অর্থাৎ সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা বা স্থাপনা তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ। জনদুর্ভোগ এড়াতে এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন সিটি করপোরেশন ও প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে।