logo
Advertisement

হঠাৎ সাব-রেজিস্ট্রার অফিসে এমপি, দলিল লেখককে শোকজ

হঠাৎ সাব-রেজিস্ট্রার অফিসে এমপি, দলিল লেখককে শোকজ
রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠির রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিসে সরকারি নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে আকস্মিক পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। এসময় ঘুষ ও অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় এক দলিল লেখককে শোকজ দিয়েছে অফিস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিক, পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে যান স্থানীয় সংসদ সদস্য।

পরিদর্শনকালে এমপি রফিকুল ইসলাম অফিসের নানা বিষয়ে খোঁজখবর নেন এবং জমি গ্রহীতা মো. জাকির হোসেনের সঙ্গে কথা বলেন। জাকির হোসেন অভিযোগ করেন, তিনি ৩ লাখ টাকা মূল্যের একটি জমি রেজিস্ট্রি করতে দলিল লেখক মো. আলকাজ হোসেনকে খরচ বাবদ ৩৬ হাজার টাকা দিয়েছেন।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য বলেন, ৩ লাখ টাকার জমির রেজিস্ট্রি বাবদ ৩৬ হাজার টাকা নেওয়া সরকারি নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি।

বিষয়টির ব্যাখ্যা চাইলে দলিল লেখক আলকাজ হোসেন অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করে বলেন, আমি দলিল খরচ বাবদ ৩০ হাজার টাকা নিয়েছি। বাকি ৬ হাজার টাকা জাকির হোসেন নিজে বাইরে থেকে দাখিলা সংগ্রহে খরচ করেছেন।

তবে রাজাপুর সাব-রেজিস্ট্রার (খণ্ডকালীন) মো. মেহেদী হাসান এশিয়া পোস্টকে জানান, অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে দলিল লেখক আলকাজ হোসেনকে শোকজ করে লিখিত জবাব চাওয়া হয়েছে।

সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রি অফিসে, বিশেষ করে ক্ষুদ্র জমিদাতা ও গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাচ্ছিলাম। অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ফেরাতেই এই আকস্মিক পরিদর্শন। সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম নিয়মিত তদারকির জন্য প্রয়োজনে একটি নজরদারি টিম গঠন করা হবে।

পরিদর্শনের সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, সদস্যসচিব সৈয়দ নাজমুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ ও সদস্যসচিব মো. রিয়াজ হোসেন খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।