চার দশকের ইমামতি শেষে রাজকীয় বিদায়

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি মসজিদে টানা ৪০ বছর ইমামতির দায়িত্ব পালন করেছেন মৌলভী আবদুল কাদের।
শনিবার (৩০ মে) বিদায়ের দিন তাকে সংবর্ধনা দিয়েছেন মুসল্লি ও এলাকাবাসী। মসজিদ কমিটির আয়োজনে অনুষ্ঠিত ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার জোহরের নামাজ শেষে উপজেলার কাশিনগর ইউনিয়নের বগৈড় উত্তর পারা জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মসজিদ কমিটির সদস্য, মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দেওখার গ্রামের মৌলভী আবদুল কাদের ৪০ বছর ধরে বগৈড় উত্তর পাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বয়সজনিত কারণে শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি মসজিদ কমিটির কাছে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন। তার এই সিদ্ধান্তের পর মসজিদ কমিটি ও মুসল্লিরা তাকে সম্মান জানাতে বিশেষ বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।
এলাকাবাসীর ধর্মীয়, সামাজিক ও মানবিক অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, তিনি শুধু একজন ইমামই নন, বরং এলাকার মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি মানুষকে ইসলামের সঠিক শিক্ষা দিয়েছেন এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মসজিদ কমিটির সভাপতি আবদুল মান্নান বলেন, তিন প্রজন্ম ধরে আবদুল কাদের হুজুর এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। ইমামতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
ডাক্তার মিজানুর রহমান বলেন, হুজুর একজন জ্ঞানী, গুণী ও আদর্শবান মানুষ। তিনি আজীবন মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছেন। তার অবদান এ এলাকার মানুষ কখনও ভুলবে না।
বিদায়ী ইমাম মৌলভী আবদুল কাদের বলেন, বগৈড়ের মানুষ আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছে, তাতে আমি অভিভূত। শারীরিক অসুস্থতার কারণে মূলত ইমামতির দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে। যতদিন বেঁচে থাকব, মুসল্লি ও এলাকাবাসীর দেওয়া এই ভালোবাসা ও বিদায়ী সংবর্ধনা আমার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায় অনুষ্ঠানে মসজিদ কমিটি ও স্থানীয়দের পক্ষ থেকে তাকে বিভিন্ন সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে একটি প্রাইভেটকারে তাকে বহন করে এবং মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে গ্রামে পৌঁছে দোয় এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
