logo
Advertisement

পটুয়াখালীতে যুবদলের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩

এশিয়া পোস্ট নিউজ,পটুয়াখালী
পটুয়াখালীতে যুবদলের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩
পটুয়াখালীর দুমকিতে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে জড়ায় যুবদলের দুপক্ষ। ছবি : এশিয়া পোস্ট

পটুয়াখালীর দুমকিতে উপজেলা যুবদলের সদ্য ঘোষিত নতুন কমিটিকে কেন্দ্র করে পদবঞ্চিত ও নতুন পদপ্রাপ্ত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নতুন কমিটির তিনজন নেতাকর্মী আহত হন। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগও উঠেছে।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার নতুন বাজার ও উপজেলা পরিষদ গেট এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে বিকেল পাঁচটার দিকে উপজেলার নতুন বাজারের মামুন মার্কেট এলাকা থেকে পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন। একই সময়ে নতুন কমিটিতে পদ পাওয়া নেতাকর্মীরা লেবুখালীর পাগলার মোড় এলাকা থেকে একটি আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে উত্তেজনা দেখা দেয়।

দুটি মিছিল মুখোমুখি হলে পুলিশ মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে পদবঞ্চিত নেতাকর্মীরা পুলিশের বাধা ঠেলে প্রতিপক্ষকে ধাওয়া দিলে সংঘর্ষ বেঁধে যায়। এতে নতুন কমিটির তিন সদস্য আহত হন এবং চারটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও উত্তেজিন নেতাকর্মীরা। ছবি : এশিয়া পোস্ট কোলাজ
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও উত্তেজিন নেতাকর্মীরা। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

বিক্ষোভে অংশ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদার অভিযোগ করেন, একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিটে আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে ব্যবসায়ীদের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাজনৈতিক কর্মসূচির চেয়ে রেস্তোরাঁ ব্যবসায় বেশি ব্যস্ত থাকেন। এমনকি নতুন সভাপতি রুবেলও অতীতে দলীয় কোনো কর্মসূচিতে ছিলেন না।

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।