নড়াইলে স্ত্রীকে হাতুড়িপেটায় হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্ত্রী জোনাকি বেগমকে (৩২) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জসিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জোনাকি বেগম করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং একই গ্রামের মমরেজ শেখের ছেলে জসিম শেখের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে জসিম শেখ হাতুড়ি দিয়ে জোনাকির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা জোনাকিকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর-তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, ঘটনার পর অভিযুক্ত জসিম শেখ নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)

