মধুমতী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে মধুমতী নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম দক্ষিণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মধুমতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীর পরনে একটি ব্লাউজ ও কয়েকটি পেটিকোট ছিল এবং গলায় ছিল তুলসীর মালা। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশের ধারণা, নদীর স্রোতে অন্য কোনো এলাকা থেকে মরদেহটি ভেসে মহম্মদপুর সীমানায় এসে পৌঁছেছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
