দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল শতবর্ষী বৃদ্ধার মরদেহ

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চার দিন পর ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমির পানিতে ভেসে থাকা ১০৫ বছর বয়সি রিকাবি বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তর বাইশপুর এলাকার ওই ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার সকালে প্রবাসী মামুনের স্ত্রী বাড়ির ময়লা পানি ফেলতে গেলে আশপাশে দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়ির পাশের ফসলি জমিতে একটি মরদেহ দেখেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রথমে মরদেহটির পরিচয় জানা যায়নি। পরে স্বজনেরা এসে রিকাবি বেগম হিসেবে তাকে শনাক্ত করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা চার দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিহতের ছেলে মো. বাচ্চু মিয়া সওদাগর মাকে শনাক্ত করার পর বলেন, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। চার দিন ধরে তারা মাকে খুঁজছিলেন। তাকে খুঁজে পেতে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছিল। এর আগেও কয়েকবার তার মা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


