Advertisement

জাতীয় সংগীত চলাকালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

এশিয়া পোস্ট নিউজ, শরীয়তপুর
জাতীয় সংগীত চলাকালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা
ছবি : এশিয়া পোস্ট

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্ডা ইউনিয়নে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে।

Advertisement

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে ৩৬নং মধ্য সিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম বেপারি ও তার অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

ভুক্তভোগী চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তিনি অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের সময় জাতীয় পতাকা উত্তোলন করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে জসিম বেপারি, তার ছেলে সিয়ামসহ কয়েকজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, যেহেতু আমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাই প্রাথমিক ক্রীড়া অনুষ্ঠানে আমি অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করছিলাম। ঠিক তখনই পূর্বশত্রুতার জের নিয়ে জসিম বেপারি ও তার ছেলে সিয়ামসহ কয়েকজন আমার ওপর হামলা চালায় এবং অনুষ্ঠান বন্ধ করে দেয়। এতে আমি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। বর্তমানে আমি প্রাণনাশের আশঙ্কায় আছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত চলাকালে এ ধরনের ঘটনায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত জসিম বেপারি অভিযোগ অস্বীকার না করে বলেন, আমার বাপ-দাদার জমিতে এই স্কুল। আমি ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এখন অনুষ্ঠান আমাদের নেতাকর্মীদের নিয়ে করব। কারণ, এখন আমাদের দল ক্ষমতায়। ও এখানে কেন আসবে, বিগত সরকারের আমলে ওরাই অনুষ্ঠান করেছে, এখনও ওরাই করবে?

তিনি আরও বলেন, আমি বিএনপি করি এজন্য এই চেয়ারম্যান বিগত দিনে আমরা অনেক ক্ষতি করেছে। এজন্য একটি লাঠি নিয়ে গিয়েছিলাম, কিন্তু লোকজন থাকায় আঘাত করতে পারিনি।

খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে পরে পুনরায় ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খেলা পরিচালনার সময় চেয়ারম্যানের সঙ্গে জসিম বেপারির হাতাহাতি ও লাঠিপেটার ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি খেলা বন্ধ রয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবার সঙ্গে কথা বলে পুনরায় খেলা শুরু করা হয়। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।