মাদকবিরোধী অভিযানে হামলার শিকার পুলিশ সদস্য

বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্য।
শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকার পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডিবির সাত সদস্যের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ডিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় আরিফ মোল্লা নামে একজন তার কাছে থাকা সন্দেহভাজন একটি পোটলা পাশের পুকুরে ফেলে দেন।
ডিবি সদস্য মৃণাল পুকুর থেকে সেটি উদ্ধারের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। খবর পেয়ে উজিরপুর থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে মৃণালকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
ঘটনাস্থল থেকে শামীম মোল্লা, মুনসুর মোল্লা, আলাউদ্দিন ও আরিফ মোল্লা নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
