সাংবাদিক উৎস রহমান হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

রংপুরে স্থানীয় দৈনিক যুগের আলোর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলার কথিত মূলহোতা জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন নিহত সাংবাদিকের পরিবার ও বাদীপক্ষের আইনজীবীরা। তারা উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রুবেল ওরফে হেকরম, এলিন ও শুভ কুমার। রুবেলকে মৃত্যুদণ্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলো কার্যালয়ে যান সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে নগরীর ধর্মদাস এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা নুরজাহান বেগম নূরী রংপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলাটির বিচারকাজ ১০ বছর নয় মাসের বেশি সময় ধরে চলে। এ সময়ে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত।
রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী নুরজাহান বেগম বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল ও বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, মামলার মূল অভিযুক্ত জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সাংবাদিক উৎস রহমানকে হত্যা করিয়েছে। অথচ আদালত হত্যাকাণ্ডের সেই মাস্টার মাইন্ডকেই বেকসুর খালাস দিয়েছে। এ রায়ে আমরা আইনজীবীসহ নিহতের পরিবার সংক্ষুব্ধ। এ মামলার বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। এভাবে হত্যার পর মূলহোতা পার পেয়ে গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর জেলা সভাপতি মমিনুল ইসলাম রিপন জানান, হত্যাকাণ্ডের নেপথ্যে অর্থের জোগানদাতা ও নির্দেশদাতার বিষয়ে সবাই জানেন। তবে আদালত প্রমাণের অভাবে কথিত মূলহোতাকে খালাস দিয়েছেন। এ রায়ে নিহতের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে তারা মনে করেন।
দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু বলেন, এই রায় সন্তোষজনক নয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক, আবার মামলার কথিত মূলহোতা খালাস পেয়েছেন—সব মিলিয়ে বিষয়টি বিস্ময়কর। আমরা মনে করি, উচ্চ আদালতে গেলে সাংবাদিক উৎস রহমান হত্যার কথিত মাস্টারমাইন্ড খালাস পাবেন না।



