logo

বরিশালে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

বরিশালে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ছবি : এশিয়া পোস্ট

বরিশাল নগরীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন নারীসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে কাউনিয়ার সাধুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পাবনা সদর উপজেলার হামিদপুর ডিসি রোড এলাকার শাহাবুদ্দিন আহমেদের ছেলে ইসতিয়াক আহমেদ বুলেট (৫০), বরিশাল নগরের কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার ভাড়াটিয়া ও গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকার আব্দুল হাকিমের ছেলে হোসেন শাহীন (৪৫), বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. ফেরদৌস (২৯), বরিশাল নগরের নলী দাসের পোল এলাকার মৃত আবুল হোসেন চৌধুরীর ছেলে সাকিব চৌধুরী (৩৮), পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এলাকার মৃত মো. শাহজাহানের মেয়ে সুমী (৩০), বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া এলাকার মো. আরিফের স্ত্রী ছোয়া আক্তার সনিয়া (২৬) এবং টাউন স্কুল রোড এলাকার মো. ইলিয়াসের স্ত্রী আঁখি আক্তার (৩৮)।

পুলিশ জানায়, মোবাইল ফোন ও ফেসবুকে বন্ধুত্বের ফাঁদে ফেলে লোকজনকে নিজেদের আস্তানায় নিয়ে যেত চক্রটি। সেখানে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে নির্যাতনের মাধ্যমে অর্থ আদায় করা হতো।

বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, এক সরকারি চাকরিজীবীকে কৌশলে নগরের সাধুর বটতলা এলাকার একটি ভাড়া বাসায় নেওয়া হয়। সেখানে চক্রের সদস্যরা তাকে নগ্ন করে এবং দুই নারীকে অর্ধনগ্ন অবস্থায় রেখে ছবি তোলে। পরে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।

ওসি জানান, ভুক্তভোগী ব্যক্তি বিষয়টি তার স্ত্রীকে জানালে তিনি পুলিশকে অবহিত করেন। পরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আল মামুন উল ইসলাম আরও বলেন, ‘হানি ট্র্যাপ’ সংশ্লিষ্ট আরও কয়েকটি চক্রের তথ্য পেয়েছে পুলিশ। তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।